কক্সবাজারে পূজার ছুটিতে ১৫ লাখ পর্যটক, হাজার কোটির ব্যবসার আশা

কক্সবাজারে পূজার ছুটিতে ১৫ লাখ পর্যটক, হাজার কোটির ব্যবসার আশা
কক্সবাজার প্রতিনিধি:

এবারে দুর্গাপূজার ছুটিতে পর্যটকে টইটম্বুর হয়ে উঠেছে কক্সবাজার।
হোটেলমালিকদের ভাষ্য, গত ১৭ অক্টোবর ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হলে পর্যটকের আগমন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে গত দুই দিনে সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। বেড়েছে পর্যটকের উপস্থিতি।
দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি মিলিয়ে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের ছুটি চলছে। এ সময়ে কক্সবাজারে অন্তত ১৫ লাখ পর্যটকের সমাগম হতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তাঁদের প্রত্যাশা, এ সময়ে পর্যটনসংশ্লিষ্ট খাতে ৯০০ থেকে ১ হাজার কোটি টাকার ব্যবসা হতে পারে।
শতভাগ বুকিং, ছাড় নেই ভাড়ায়
কক্সবাজার হোটেল-গেস্টহাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, বুধবার লাবণী পয়েন্টে প্রতিমা বিসর্জন উৎসবকে কেন্দ্র করে তিন দিনে অন্তত পাঁচ লাখ মানুষের সমাগম হতে পারে। সব মিলিয়ে ১০ দিনের ছুটিতে অন্তত ১৫ লাখ পর্যটক কক্সবাজারে আসবেন বলে তাঁরা আশা করছেন।
তিনি আরও বলেন, তারকা মানের ২০টির বেশি হোটেলে প্রায় শতভাগ কক্ষ এবং মাঝারি আকারের হোটেল, গেস্টহাউজ ও কটেজে প্রায় ৯০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়েছে। এবার কক্ষভাড়ায় কোনো ছাড় দেওয়া হচ্ছে না। তবে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে প্রশাসন তদারকি করছে।
শহরের পাঁচ শতাধিক হোটেল, রিসোর্ট ও গেস্টহাউজে একসঙ্গে প্রায় ১ লাখ ৬৮ হাজার মানুষের রাতযাপনের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।
হোটেল কক্স টুডের সহকারী মহাব্যবস্থাপক আবু তালেব বলেন, তাদের হোটেলের সব কক্ষ বুকিং হয়ে গেছে। অক্টোবর পর্যন্ত অতিথির চাপ থাকবে বলে তারা আশা করছেন।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল শুক্কুর বলেন, ১০ দিনের ছুটিতে ১৫ লাখ পর্যটকের সমাগম হলে হোটেল, রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট খাতে ৯০০ থেকে ১ হাজার কোটি টাকার ব্যবসা হতে পারে।
সনাতন ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসবের শেষ দিনটি শুধু হিন্দু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বিজয়া দশমীর আয়োজন পরিণত হয়েছে সার্বজনীন উৎসবে। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে অংশ নেন।
কক্সবাজার শহরের বাসিন্দা ইব্রাহিম বাবু বলেন, বিজয়া দশমী এখন শুধু হিন্দুদের নয়, এটি বাঙালির একটি অসাম্প্রদায়িক উৎসবে পরিণত হয়েছে।
গাইবান্ধার বাসিন্দা ইমরুল আজিজ স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শনিবার রাতে কক্সবাজারে আসেন। তিনি বলেন, সুগন্ধা সৈকতে মানুষের ভিড় দেখে পরিবার নিয়ে লাবণী পয়েন্টে এসেছি। এখানেও হাজারো মানুষের সমাগম দেখলাম।
সিরাজগঞ্জ থেকে পরিবার নিয়ে প্রতিমা বিসর্জন দেখতে আসা স্কুলশিক্ষক রাজেন্দ্র রায় বলেন, ‘কক্সবাজারের আয়োজনটাই সারাদেশে বড়। তাই এখানে ছুটে এসেছি মাকে বিদায় দিতে। প্রশাসনও ভালো কাজ করছে।
নিরাপত্তায় কঠোর প্রশাসন
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, দুর্গাপূজার ছুটিতে প্রতিবছরই বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিমা বিসর্জন উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যটকদের হয়রানি বন্ধ ও সেবা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।
কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি উদয় শংকর পাল মিঠু বলেন, প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃহৎ এই আয়োজন সফলভাবে শেষ হয়েছে। দূর-দূরান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীরা বিশেষ এই দিনে কক্সবাজারে এসে জড়ো হয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আয়োজন সম্পন্ন হয়েছে।
প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। এই সম্প্রীতি অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, কক্সবাজারের মতো পর্যটন নগরীতে দেশ-বিদেশের পর্যটকদের নিরাপত্তা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাও সবার দায়িত্ব।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সদর-রামু-ঈদগাও আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক মো. আ. মান্নান, কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি উদয় শংকর পাল মিঠু, বাবু দোলন ধর বক্তব্য রাখেন।
এবার কক্সবাজার জেলায় ৩২৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৫৫টিতে প্রতিমাপূজা এবং ১৬৯টিতে ঘটপূজা হয়েছে।
চকরিয়া উপজেলায় সবচেয়ে বেশি ৭১টি মণ্ডপ রয়েছে। এ ছাড়া কুতুবদিয়ায় ৪৪টি, রামুতে ৩৭টি, কক্সবাজার সদরে ৩১টি, ঈদগাঁওয়ে ২৯টি, মহেশখালীতে ২৮টি, কক্সবাজার পৌরসভায় ২৬টি, চকরিয়া পৌরসভায় ২৫টি, পেকুয়ায় ৯টি, উখিয়ায় ৯টি, মহেশখালী পৌরসভায় ৬টি এবং টেকনাফে ৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।
পাঁচ দিনের পূজা শেষে বিজয়া দশমীর মধ্য দিয়ে বিদায় নিলেন দেবী দুর্গা। তবে ভক্তদের প্রত্যাশা অশুভ শক্তির বিনাশ, শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আগামী বছর আবারও ফিরে আসবেন দেবী দুর্গা।