২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে ঢাকা ও দেশের ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় ঢাকা মহানগরীসহ দেশের ১১ জেলায় যানবাহনে আগুন দেওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। চলমান নাশকতা মোকাবিলায় দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। বৈঠকে নাশকতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি।
পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রাজধানীর ফার্মগেট ও পল্লবী এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া পুরান ঢাকার সদরঘাট সড়কে দুটি মিনিট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে অপরাধীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে। এসব ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ও সাইবার পর্যবেক্ষণের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।
চার জেলায় বাড়তি পুলিশ মোতায়েন
এদিকে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ, বিক্ষোভ ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন।
এ ছাড়া গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ এবং শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার সামনে বিক্ষোভ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এসব পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এসব জেলার পুলিশ সুপারদের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াতে বলা হয়েছে।
গণগ্রেপ্তার না করার নির্দেশ আইজিপির
সারা দেশে চলমান নাশকতা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন আইজিপি আলী হোসেন ফকির।
বৈঠকে নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশনা দেন তিনি। তবে এ ক্ষেত্রে গত আওয়ামী লীগ সরকারের আমলের মতো গণগ্রেপ্তার না করার বিষয়ে সতর্ক করেন পুলিশ সুপারদের।বৈঠকের পর তিন জেলার পুলিশ সুপারদের সঙ্গে কথা বলে প্রথম আলো। তাঁরা জানান, আইজিপি প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের ওপর গুরুত্ব দিয়েছেন। নিরীহ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে বলেছেন।