জলবায়ু ন্যায়বিচারে বৈশ্বিক অর্থায়ন কাঠামো বদলাতে হবে : নাগরিক সমাজ

জলবায়ু ন্যায়বিচারে বৈশ্বিক অর্থায়ন কাঠামো বদলাতে হবে : নাগরিক সমাজ

নিজস্ব প্রতিবেদক
জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক অর্থায়ন কাঠামো পরিবর্তনের আহ্বান জানিয়েছেন গ্লোবাল সাউথের নাগরিক সমাজের নেতারা। তারা বলেছেন, জলবায়ু সংকট তৈরিতে সবচেয়ে বেশি দায়ী উন্নত দেশগুলোকে প্যারিস চুক্তির বাধ্যবাধকতা অনুযায়ী অর্থায়ন নিশ্চিত করতে হবে। এই অর্থ হতে হবে পূর্বানুমানযোগ্য, সহজলভ্য ও অনুদানভিত্তিক। জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর নতুন করে ঋণের বোঝা চাপিয়ে জলবায়ু সংকট মোকাবেলার উদ্যোগ গ্রহণযোগ্য নয়। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইড ইভেন্টে বক্তারা এসব কথা বলেন।
‘জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা : গ্লোবাল সাউথের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এ আয়োজনে বক্তারা বলেন, বৈশ্বিক অভিযোজন লক্ষ্য কেবল সূচক নির্ধারণ ও রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না।

লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ, প্রযুক্তি ও সক্ষমতা নিশ্চিত করতে হবে, যাতে অর্থ সরাসরি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছায়।সম্মেলন স্থলের সাইড ইভেন্ট কক্ষ-৫-এ আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলডিসি ওয়াচ নেপালের রেশমা শাক্য। আলোচনায় অংশ নেন এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্টের (এপিএমডিডি) সমন্বয়ক লিডি ন্যাকপিল, কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের এম এ হাসান, অক্সফামের মারিয়ানা, ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের ওয়ানুন পার্মপিবুল এবং এপিএমডিডি ফিলিপাইনের অ্যালেন জন কার্পিও।

অনুষ্ঠানে এপিএমডিডির সমন্বয়ক লিডি ন্যাকপিল বলেন, জলবায়ু অর্থায়ন যেন শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থাকে।আন্তর্জাতিক তহবিল ও অর্থায়নব্যবস্থার মাধ্যমে দ্রুত, সহজ ও কার্যকরভাবে অর্থ ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছাতে হবে। অর্থের ব্যবহারেও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে, যাতে বাস্তব কর্মসূচি ও প্রকল্পের মাধ্যমে উপকারভোগীরা সুফল পান। আন্তর্জাতিক তহবিলের অপেক্ষায় না থেকে গ্লোবাল সাউথের সরকারগুলোকেও নিজস্ব বাজেট ও নীতিতে জলবায়ু অর্থায়নকে অগ্রাধিকার দিতে হবে।

 

ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের ওয়ানুন পার্মপিবুল বলেন, বৈশ্বিক অভিযোজন লক্ষ্যের (গ্লোবাল গোল অন অ্যাডাপটেশন) ৫৯টি সূচক গ্রহণ করাই যথেষ্ট নয়। এসব সূচকের বাস্তবায়নে মানুষের জলবায়ু ঝুঁকি কমছে কিনা, জীবন-জীবিকা, খাদ্য, পানি ও প্রতিবেশব্যবস্থা আরো সহনশীল হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে হবে।প্রয়োজনীয় অর্থায়ন, প্রযুক্তি ও বাস্তবায়ন সক্ষমতা ছাড়া উন্নয়নশীল দেশগুলোর পক্ষে অভিযোজন লক্ষ্য অর্জন সম্ভব নয়। তিনি বলেন, ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রতিশ্রুতির ক্ষেত্রে কোন ভিত্তিবছর ধরে এই বৃদ্ধি হিসাব করা হবে, অর্থের উৎস কী, কারা অর্থ দেবে, কখন দেওয়া হবে এবং অর্থায়নের ধরন কী হবে—এসব বিষয় স্পষ্ট করতে হবে।

 

অক্সফামের মারিয়ানা বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে বাস্তবভিত্তিক সমাধান নিতে হবে। পরিকল্পনা প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে অর্থায়নের প্রয়োজন, গুণগত মান ও কার্যকারিতা নিশ্চিত করা জরুরি। বিদ্যমান পরিকল্পনাগুলো নিয়মিত পর্যালোচনা ও হালনাগাদ করতে হবে। তথ্য-উপাত্ত ও গবেষণার ভিত্তিতে অর্থায়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আরো কার্যকর করতে হবে।

কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের এম এ হাসান বলেন, জলবায়ু অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক আলোচনায় প্রায়ই বড় অঙ্কের প্রতিশ্রুতির কথা শোনা যায়। কিন্তু অর্থায়নের সাফল্য শুধু প্রতিশ্রুত অর্থের পরিমাণ দিয়ে বিচার করা যাবে না। জানতে হবে, অর্থ কে দেবে, কোন উৎস থেকে আসবে, কখন দেওয়া হবে, কী শর্তে দেওয়া হবে, কার কাছে পৌঁছাবে এবং এর মাধ্যমে বাস্তবে কী পরিবর্তন ঘটবে।তিনি বলেন, গ্লোবাল সাউথের দেশগুলো দাতব্য সহায়তা চাইছে না, তারা জলবায়ু ন্যায়বিচার চাইছে। জলবায়ু সংকট তৈরিতে যেসব দেশের অবদান সবচেয়ে কম, সেই দেশগুলোকে নিজেদের জনগণকে রক্ষার জন্য আরো ঋণ নিতে বাধ্য করা যায় না। এমন অর্থায়নও গ্রহণযোগ্য নয়, যা দেশের ঋণের বোঝা বাড়ায় কিংবা ঋণদাতাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের প্রয়োজন উপেক্ষা করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বড় দূষণকারীদের ওপর ন্যায্য কর আরোপ এবং সরকারি জলবায়ু অর্থায়নে তাদের অবদান বাড়াতে হবে। কপ-৩১-এ শুধু অর্থ দেওয়ার প্রতিশ্রুতি নয়, অর্থ ছাড়ের স্বচ্ছতা, জবাবদিহি ও সুস্পষ্ট বাস্তবায়ন রোডম্যাপ নিশ্চিত করতে হবে। ঘোষিত অর্থ যেন বাস্তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করাই জলবায়ু ন্যায়বিচারের অন্যতম শর্ত।

inside-post
আরো দেখুন