জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েও গেজেটভুক্ত নন, নতুন করে আবেদন আহ্বান

জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েও গেজেটভুক্ত নন, নতুন করে আবেদন আহ্বান
প্রকাশ: ১৮:৩৭, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার (১০ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ডা. মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন অথবা এখনো চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু জুলাই যোদ্ধাদের তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি, এমন ব্যক্তিরা নতুন করে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আন্দোলন চলাকালে আহত হওয়ার স্বপক্ষে উপযুক্ত প্রমাণক জমা দিতে হবে। এসব কাগজপত্রসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় অথবা জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে আবেদন করা যাবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বিপুলসংখ্যক নিরস্ত্র দেশপ্রেমিক ছাত্র-জনতা শহিদ হয়েছেন। একই সময়ে অসংখ্য মানুষ অতিগুরুতর, গুরুতর ও সাধারণভাবে আহত হয়েছেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি, শহিদ পরিবারের কল্যাণ এবং আহতদের পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে শহিদ ও জুলাই যোদ্ধাদের তালিকা প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৮৪২ জন শহিদের নাম গেজেটভুক্ত করা হয়েছে। পাশাপাশি জুলাই যোদ্ধা ক্যাটাগরি-ক-তে ১৯০ জন, ক্যাটাগরি-খ-তে ১ হাজার ৪১৪ জন এবং ক্যাটাগরি-গ-তে ১১ হাজার ৯৬৪ জনের নাম গেজেট প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে গেজেটভুক্ত জুলাই যোদ্ধার সংখ্যা ১৪ হাজার ৩৬৮ জন।
তবে তালিকাভুক্তির প্রক্রিয়ায় নতুন আবেদন গ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিগত অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবস ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের তালিকায় নতুন করে অন্তর্ভুক্তির আবেদন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মন্ত্রণালয়ে না পাঠানোর জন্য জেলা প্রশাসকদের চিঠি দেয়া হয়েছিল।
এর ফলে উপজেলা ও জেলা পর্যায়ে আহত ব্যক্তিদের ৯৩১টি আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকার আরও অনেক আহত ব্যক্তি জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। পরবর্তী সময়ে বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে অতিগুরুতর আহত, গুরুতর আহত এবং আহত ব্যক্তিরা গেজেটভুক্তির জন্য আবেদন করলেও ১০ ফেব্রুয়ারির ওই নির্দেশনা প্রত্যাহার না হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরগুলো আবেদনগুলো পরবর্তী কার্যক্রমের জন্য মন্ত্রণালয়ে পাঠাতে পারেনি।
এ পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে এখনো গেজেটভুক্তির বাইরে থাকা ব্যক্তিদের স্বীকৃতির আওতায় আনার লক্ষ্যে নতুন করে আবেদন গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র ও আহত হওয়ার প্রমাণকসহ আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
