জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন দুদক কর্মকর্তা শরীফ

জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন দুদক কর্মকর্তা শরীফ
২০২১ সালের জুনে পটুয়াখালীতে বদলির আগে দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন শরীফ উদ্দিন। সেখানে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। দায়িত্ব পালনের জেরে প্রাণনাশের হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী বিধিমালার ৫৪(২) বিধির ক্ষমতাবলে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।
কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণসংক্রান্ত ৫৪(২) বিধির বৈধতা চ্যালেঞ্জ এবং চাকরিতে পুনর্বহালের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। পরবর্তীতে এই বিধির বৈধতা নিয়ে আপিল বিভাগের রায়ের পর ২০২৩ সালের ডিসেম্বরে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আদালত জানান, ৫৪(২) বিধিটি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এবং ১২ দফা গাইডলাইন অনুসরণ করে প্রয়োগ করতে হবে।
এরপর হাইকোর্টে শরীফের রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৯ জুলাই আদালত তাকে চাকরিচ্যুত করার আদেশটি অবৈধ ও বাতিল বলে রায় দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করলেও পরবর্তীতে সংস্থাটি তা প্রত্যাহার করে নেয়। গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত লিভ টু আপিলটি ‘নট টু প্রসিড’ বা না চালানোর কারণে খারিজ করেন। এর ফলে এই সাবেক কর্মকর্তার চাকরিতে ফেরার সমস্ত আইনি জটিলতা কেটে যায়।
